‘ভবিষ্যতে উচ্চতর মেডিকেল শিক্ষা চ্যালেঞ্জের মুখে পড়বে’

ডা. মবিন খানের স্মরণ সভা অনুষ্ঠিত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অধ্যাপক ডা. মবিন খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার বিএমইউর হেপাটোলজি বিভাগ, হেপাটোলজি সোসাইটি এবং অ্যাসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মবিন খানের সহধর্মিণী মিসেস মুনা খান ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিএমইউর হেপাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মবিন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে একটি ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়।
সভায় চিকিৎসা শিক্ষার মান ধরে রাখতে হলে বাংলাদেশে হেপাটোলজি চিকিৎসা শিক্ষার পথিকৃৎ ও লিভার রোগ চিকিৎসা গবেষণার অগ্রদূত অধ্যাপক ডা. মবিন খানের কর্মনিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ অনুসরণ করা জরুরি বলে জানান বিএমইউ উপাচার্য ডা. শাহিনুল আলম।
তিনি বলেন, মবিন খানের গুণাবলি অনুসরণ না করলে ভবিষ্যতে উচ্চতর মেডিকেল শিক্ষা গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়বে।
অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অধ্যাপক ডা. মবিন খান ছিলেন এমন এক মানুষ, যিনি সময়ানুবর্তিতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক জীবন্ত উদাহরণ। প্রতিদিন সকাল আটটার আগেই তিনি অফিসে আসতেন, সহকর্মীদের আগে কাজ শুরু করতেন এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত বিরতি নিতেন না। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কখনও পিছিয়ে যাননি। তার মতো একজন শিক্ষক, প্রশাসক ও চিকিৎসক আজকের দিনে সত্যিই বিরল।
তিনি আরও বলেন, মবিন খান ছিলেন পারফেক্ট ক্লিনিক্যাল এক্সপার্ট। চিকিৎসা শিক্ষার্থীদের জন্য তিনি ছিলেন এক জীবন্ত ক্লাসরুম। তিনি যেভাবে হাতে-কলমে শেখাতেন, সেটি আজও স্মরণীয়। তবে তার কর্মনিষ্ঠা, মূল্যবোধ ও একাগ্রতা আজকের তরুণ চিকিৎসক সমাজ যদি ধারণ না করে, তবে ভবিষ্যতে উচ্চতর মেডিকেল শিক্ষা বড় সংকটে পড়বে। কারণ দক্ষতা কেবল বই থেকে আসে না, আসে দায়িত্ববোধ আর সততা থেকে।
এ সময় হেপাটোলজি সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. গোলাম আজম ও বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. সেলিমুর রহমান, অধ্যাপক ডা. এম এ কাশেম খন্দকার, অধ্যাপক ডা. ফজলুল হক, বিসিপিএস-এর সেক্রেটারি অধ্যাপক ডা. এবিএম জামাল, অ্যাসোসিয়েশন ফর দি স্ট্যাডি অফ লিভার ডিজিজেস বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোস্তাক আহমেদ, ডা. শাহেদ আহমেদ সেতু প্রমুখ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com