নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আর ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ৯৪২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল এক হাজার ২৮ জন। এই নিয়ে সরকারি হিসেবে গত ৩৫ দিনে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৫ শিশুর। তাতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৩ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদফতর হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়মিত তথ্য দিচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২২ হাজার ৪০৯ জনের শরীরে। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৫২২ জন। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৩ হাজার ২৭৮ জনের শরীরে। এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৭৫১ জন।
অধিদফতরের পাঠানো তথ্যে বিভাগওয়ারি বিশ্লেষনে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৫০৬ জন। এর মধ্যে ৮১ জন রোগীকে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে। এর পরেই রাজশাহী বিভাগে ২০৮ জন। আর এই বিভাগে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২ জন এবং চট্রগ্রাম বিভাগে ৯২ জনের মধ্যে ২ জনের নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে। এছাড়া বরিশাল বিভাগে ৫০ জন, খুলনাতে ৪৫ জন, ময়মনসিংহে ৫ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ৩৩ জনের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেলেও এই সব বিভাগে নিশ্চিত কোন হামের রোগী পাওয়া যায়নি।
সরকারি হিসেবে বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, ‘সন্দেহজনক হামে’ সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৮২ জন। এরপরই রয়েছে রাজশাহী বিভাগে ৬৫ জন, চট্রগামে ১২ জন, খুলনাতে ১০ জন, সিলেট ৫ জন এবং বরিশালে ৪ জন । তবে ময়মনসিংহ ও রংপুর বিভাগে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।