প্রতিবছর লাখো মানুষ টাইফয়েডে আক্রান্ত

প্রতিরোধে ১২ অক্টোবর দেশব্যাপী টিকাদান কর্মসূচি

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বাংলাদেশে প্রতিবছর টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছে লাখো মানুষ, যাদের অধিকাংশই শিশু। এই প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত এ উদ্যোগে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর ফলে সাধারণ টাইফয়েডের পাশাপাশি বেড়ে চলা ওষুধ প্রতিরোধী টাইফয়েডের বিস্তার রোধেও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর সাংবাদিকদের এ তথ্য জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন।

অধ্যাপক আবু জাফর বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডের প্রকোপ অনেক বেশি। প্রতি বছর প্রায় ৪ লাখ ৮৯ হাজার মানুষ এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ৮ হাজার মানুষ মারা যান, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা টাইফয়েড হয়। দুষিত খাবার, পানীয় জল এবং অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে এ রোগ ছড়ায়। উচ্চ জ্বর, পেট ব্যথা, মাথাব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি টাইফয়েডের প্রধান লক্ষণ।

টিকাদান কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সব শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের নির্দিষ্ট দিনে বিনামূল্যে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য অভিভাবকদের অনলাইনে নিবন্ধন করতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ক্যাম্পেইনকে সফল করতে মাঠপর্যায়ে শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সবার সহযোগিতা প্রয়োজন। গর্ভবতী বা দুধদানকারী মাকে এ টিকা দেওয়া হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ টাইফয়েড নিয়ন্ত্রণে বড় অর্জন আনতে সক্ষম হবে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com