চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এআইয়ের  উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য’

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।। 

বুয়েটের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান  বলেছেন, বর্তমান উন্নত প্রযুক্তির এই বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বিশেষ জায়গা করে নিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম। তবে এআই থেকে কার্যকর সুফল পেতে স্থান ও পরিবেশ ভিন্ন হওয়ায় বিভিন্ন দেশে স্থানীয়ভাবে এআইর উন্নয়ন করা আবশ্যক।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএমইউয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে বিএমইউ ও বুয়েটের যৌথ উদ্যোগে রেডিওলজিতে এআই এর ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘এন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এনাবেল্ড ওয়েব-অ্যাপ্লিকেশন ফর অ্যাসিসটিভ অনলাইন রিপোর্টিং অফ রেডিওলজিক্যাল ইমেজেস’ শীর্ষক গবেষণা প্রকল্পের ডিসেমিনেশনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়।

এ প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।

প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চিকিৎসা বিজ্ঞানের শুধু রেডিওলজি, অনকোলজি, প্যাথলজিতেই নয়, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এআই এর উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য। বিএমইউ ও বুয়েট যৌথভাবে কাজ করলে দেশে স্বাস্থ্যসেবা খাত আরও একধাপ এগিয়ে যাবে। মেডিকেল রেকর্ড কিপিংসহ অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব।

সভাপতির বক্তব্যে বিএমইউয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউ ও বুয়েট এক সঙ্গে কাজ করলে বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাত এক নতুন যুগে প্রবেশ করবে। নতুন নতুন ইনোভেনশন, আবিষ্কার, উদ্ভাবন রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে। স্বাস্থ্যসেবা খাতের গুণগতমান বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। রোগীদের দুর্ভোগ লাঘব হবে।

তিনি বলেন, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা যৌথভাবে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবা খাতে নিত্য নতুন উন্নততর চিকিৎসাসেবার দ্বার উন্মোচিত হবে। যার প্রকৃত সুফলভোগী হবেন রোগীরা। তাই ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সমন্বিতভাবে কাজ করা এখন সময়েরই দাবি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএমইউয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।

সেমিনারে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. এম তারিক আরাফাত। রেডিওলজিতে এআই এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. তৌফিক হাসান।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com