নিজস্ব প্রতিবেদক।।
দেশের বাইরে (বিদেশে) প্যাথলজিক্যাল স্যাম্পল অথবা জৈব নমুনা পরীক্ষা-নিরীক্ষা পাঠানোর বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনুমতি আদেশটি শর্তসাপেক্ষে আগামী চার মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। অথচ একদিন আগেই এই আদেশ জারি করেছিল সংস্থাটি। কিন্তু রহস্যজকক কি কারণে বিদেশে প্যাথলজিক্যাল স্যাম্পল পাঠানোর অনুমতি আদেশটি স্থগিত করা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার মাসের মধ্যে যেসব ল্যাব এ ধরনের নমুনা বিদেশে পাঠায়, তাদের দেশে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে যেসব জরুরি পরীক্ষা দেশে হয় না, তার তালিকা গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
এর আগে সোমবার স্বাস্থ্য অধিদফতরে এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে পূর্বানুমতি নিতে হবে।
ওই নির্দেশনায় আরও বলা হয়, দেশের যেকোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদফতরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই নির্দেশনার আওতায় পড়বে যেকোনো রোগ নির্ণয়, গবেষণা কিংবা অন্যান্য পরীক্ষামূলক উদ্দেশ্যে স্যাম্পল পাঠানো ।