সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো আইসিইউ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঘোষিত ২৪ ঘন্টার মধ্যেই ঢাকার মহাখালীস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে। সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আইসিইউ পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন। পরে মঙ্গলবার থেকে তা চালু করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা গেছে, গত কিছুদিন ধরে হঠাৎ করে মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী চলে আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে সোমবার খুব অসুস্থ একটি শিশু মৃত্যুবরণ করায় খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এসময় তার সাথে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি নেই বা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে। আমরা একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থিটিস্ট ও অন্যান্য জনবল পদায়ন বা সংযুক্ত করে আইসিইউ চালু করব।
এর প্রেক্ষিতে সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও ১ জন এনেস্থিটিস্টকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। আইসিইউ এর বেড, মেশিনারিজ ইত্যাদি সেট করা হয়েছে। এখন রোগীদের জরুরি সেবা দেয়ার জন্য ৫ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।
একইসাথে যেহেতু সংক্রামক ব্যাধি হাসপাতাল মাত্র ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতন্ক, এইডস, টিটেনাস ইত্যাদি রোগীও ভর্তি থাকে সে বিবেচনায় পাশ্ববর্তী ডিএনসিসি হাসপাতালেও হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com