বিএমইউতে রেসিডেন্সি প্রোগ্রাম আন্তর্জাতিক মানের ই-লগ বুক চালু

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।
আধুনিক ব্যবস্থাপনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্নাতকোত্তর রেসিডেন্সি প্রোগ্রামে ই-লগ বুক কার্যক্রম শুরু হয়েছে। যা উচ্চতর চিকিৎসা শিক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে পাঁচটি বিভাগকে এই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বিভাগগুলো হলো মেডিসিন, জেনারেল সার্জারি, অ্যানেসথেসিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং হেপাটোলজি (লিভার) বিভাগ।
বুধবার বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ই-লগ বুক চালু করা হবে। এ লক্ষ্যে বিএমইউর আইসিটি অফিস জোরালোভাবে কাজ করে যাচ্ছে। ই-লগ বুক ব্যবস্থায় কাগজ হারিয়ে যাওয়ার ঝুঁকি কম, দীর্ঘ সময় ধরে তথ্য সংরক্ষণ সম্ভব এবং প্রয়োজন অনুযায়ী তথ্য বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি সহজ হয়। যেহেতু বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। এই ধারাবাহিকতায় প্রচলিত কাগজের লগ বুকের পরিবর্তে চালু হওয়া ই-লগ বুক একটি ডিজিটাল নথি বা সফটওয়্যারভিত্তিক রেকর্ড সিস্টেম। এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি, দৈনিক কার্যক্রম, প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য এবং শিক্ষকদের তত্ত্বাবধানসংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণ করা যায়।
সভায় সভাপতিত্ব করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বক্তব্যে তিনি বলেন, বিশ্ব প্রেক্ষাপটে যুগের সঙ্গে তাল মিলিয়ে উচ্চতর শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। অটোমেশনের এই যুগে উচ্চতর চিকিৎসা শিক্ষায় ই-লগ বুক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থায় ই-গভর্ন্যান্সের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সেই বাস্তবতায় দেশের স্বার্থে বিএমইউতে ই-লগ বুক কার্যক্রমকে পূর্ণমাত্রায় সফল করতে হবে।
সভায় রেসিডেন্সি প্রোগ্রামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, চলতি বছরের মার্চ মাস থেকে সব বিভাগে ই-লগ বুক চালু করা, এ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সীমাবদ্ধতা ও কারিগরি জটিলতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচায (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com