নিজস্ব প্রতিবেদক।।
নবজাতক শিশু জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ফর্মুলা দুধের পরামর্শ না দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি বলেছেন, শিশু জন্মের দুই-তিন দিন পর যখন পর্যাপ্ত দুধ আসে না, তখন অনেক সময় চিকিৎসকরা ফরমুলা দুধের পরামর্শ দেন। কিন্তু ডাক্তারদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দিবেন। ফরমুলা দুধের পরামর্শ দেবেন না।
সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
উপদেষ্টা বলেন, মায়ের দুধ কোথা থেকে আসবে, সেই প্রস্তুতি আগে থেকে নিতে হয়। গর্ভাবস্থার ছয় মাস পর থেকেই মা কীভাবে বেশি খাবেন এবং শরীরে দুধ উৎপাদন বাড়াবেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, আগে শালদুধ খাওয়ানো নিয়ে নানা ধরনের কুসংস্কার ছিল, এখন তা দূর হয়েছে। কিন্তু বর্তমানে মায়েদের দুধ খাওয়ানোর হার কমছে। সরকারি হিসাবে এখন ৫৫ শতাংশ শিশু মায়ের দুধ পাচ্ছে, অথচ একসময় এ হার আরও বেশি ছিল।
কর্মজীবী মায়েদের প্রসঙ্গ টেনে নূরজাহান বেগম বলেন, আমাদের দেশের অনেক মা মাঠে-ঘাটে, অফিসে বা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করেন। তাদের সচেতন করতে হবে এবং একইসঙ্গে নিশ্চিত করতে হবে মা যেন পর্যাপ্ত খাবার খেতে পারেন। সরকারি হিসাবে দেশে দারিদ্র্যের হার ২০ শতাংশ। এই ২০ শতাংশ যদি পর্যাপ্ত খাবার না পায়, তাহলে তাদের সন্তানকেও পর্যাপ্ত দুধ খাওয়াতে পারবেন না। এজন্য দারিদ্র্য বিমোচনে কাজ করতে হবে।
তিনি করেন, আমাদের বাড়িতে কাজের বুয়া কাজ করেন। কিন্তু তাদের অনেক সময় বাচ্চা আনতে দেওয়া হয় না। বিষয়টি নিয়েও নতুন করে ভাবতে হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুছ আলীসহ মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা ।