দেশে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় আইসিডিডিআরবির পাশে ইস্পাহানি গ্রুপ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

দেশে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) সহযোগিতা দিয়েছে ইস্পাহানি গ্রুপ। এই সহযোগিতা দিয়ে আইসিডিডিআরবি ঢাকা হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ইউনিটে (এনআরইউ) চিকিৎসাধীন প্রায় ৩০০ তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসন দেওয়া যাবে।

বুধবার  রাজধানীর আইসিডিডিআরবি মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. সারাহ মারিয়া সালওয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি।

অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) ওমর হান্নান, ডেপুটি জেনারেল ম্যানেজার-মার্কেটিং (ব্র্যান্ড) এইচ. এম. ফজলে রাব্বি এবং ম্যানেজার মার্কেটিং (ব্র্যান্ড) সুব্রত দেব।

আইসিডিডিআরবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ডেভেলপমেন্ট আরমানা আহমেদসহ সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা।

অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি বলেন, আইসিডিডিআরবি নামের পরিধির চেয়েও অনেক বিস্তৃত কাজ করছে। প্রতিষ্ঠানটি যে ভালো কাজগুলো করছে, সেগুলোর জন্য আমি এর সর্বোচ্চ সাফল্য কামনা করি।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য প্রদত্ত এই সহায়তা দিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি পুনর্বাসন সেবা দিতে পারবে আইসিডিডিআরবি।

অনুষ্ঠানে আইসিডিডিআরবি জানায়, বাংলাদেশে শিশুদের অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ অপুষ্টি। আইসিডিডিআরবি-র গবেষণায় দেখা গেছে, তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুরা হাসপাতাল থেকে ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো গুরুতর রোগের সফল চিকিৎসা নিয়ে ফেরার পরও তাদের মৃত্যু ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। এই ঝুঁকি কমাতে আইসিডিডিআরবি ঢাকা হাসপাতালের এনআরইউ একটি প্রমাণভিত্তিক ও টেকসই পুষ্টি পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করে।

আইসিডিডিআরবি আরও জানায়, এনআরইউ-তে একটি মানসম্মত ডায়েট প্রোটোকল অনুসরণ করা হয়, যেখানে স্বল্প খরচে, স্থানীয়ভাবে সহজলভ্য এবং সাংস্কৃতিকভাবে উপযোগী উপকরণ দিয়ে তৈরি পুষ্টিকর খাবারের মাধ্যমে শিশুদের দ্রুত ‘ক্যাচ-আপ’ বৃদ্ধি নিশ্চিত করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সরবরাহ করা হয় এবং দক্ষভাবে পরামর্শ দান ও হাতে-কলমে শেখানোর মাধ্যমে মা ও পরিচর্যাকারীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, যেন বাড়িতেও শিশুর দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করা যায়।

প্রতিষ্ঠানটি জানায়, ইস্পাহানি গ্রুপের এই সহায়তা এমন একটি প্রমাণিত কর্মসূচিকে শক্তিশালী করছে, যা কেবল স্বল্পমেয়াদে জীবন রক্ষা করে না, বরং তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য একটি সুস্থ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা করে। এই অংশীদারিত্ব শিশু অপুষ্টি মোকাবেলায় টেকসই ফলাফল অর্জনে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে ।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com