খৎনায় শিশু আয়ানের মৃত্যু: দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর বাড্ডা এলাকায় খৎনা করানোর সময় শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাসনুভা মাহজাবিন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

গত বুধবার বিএমডিসি রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত আলাদা নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, শিশু আয়ান আহমেদের সুন্নতে খৎনার চিকিৎসাকার্যে চিকিৎসকদের অবহেলা ধরা পড়েনি। তবে পেশাসুলভ আচরণের অভাব পরিলক্ষিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০-এর ধারা ২৩(১) এবং বিএমডিসি প্রবিধানমালা, ২০২২-এর বিধান ৩৬(৪)(খ) অনুযায়ী তাদের নিবন্ধন ছয় মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আইনের ধারা ২২(১) অনুযায়ী এই সময়ের মধ্যে তারা বাংলাদেশে কোনো এলোপ্যাথি চিকিৎসা দিতে পারবেন না এবং নিজেকে মেডিকেল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। নিষেধাজ্ঞা ৩ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে।

এর আগে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ছয় বছর বয়সী শিশু আয়ান আহমেদের সুন্নতে খৎনা করানোর জন্য বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান তার বাবা শামীম আহামেদ। ওই দিন সম্পূর্ণ অজ্ঞান করে সুন্নতে খৎনার অপারেশন করা হয় আয়ানের। কিন্তু অস্ত্রোপচারের পর শিশু আয়ানের জ্ঞান ফিরে না আসা এবং নানা ধরনের চিকিৎসা জটিলতার প্রেক্ষিতে তাঁকে সাঁতারকূলে অবস্থিত হাসপাতাল থেকে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত বছরের ৭ জানুয়ারি পর্যন্ত শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয় আয়ানকে। ৭ জানুয়ারি রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com