ক্ষতিপূরণের দাবিতে পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

আহতরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ছাড়াও আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শতাধিক ব্যক্তি রাস্তায় নেমে আসেন।
কেউ কেউ এসেছেন লাঠি ভর করে। দাবি আদায়ে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অনেকে রাস্তায় শুয়ে স্লোগান দিচ্ছেন
এসময় ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের মুখে।
আরও দেখা যায়, সড়কের দুই লেনে অবস্থান নিয়ে জুলাই-আগস্ট বিপ্লবে আহতের বিক্ষোভের কারণে আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এতে সামনে পেছনে যানজটের সৃষ্টি হয়েছে।
আহতরা বলছেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটানোর আন্দোলনের আহতরা টাকা-পয়সা কিছুই চাই না, শুধু সুচিকিৎসা, পুনবার্সন চাই। শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি তাদের কাছে আমাদের আর কোনো আস্থা নাই। উপদেষ্টাদের প্রতিও আমাদের কোনো আস্থা নাই। যে কারণে আজ আমরা রাস্তায় নেমেছি।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘আহতদের বুঝিয়ে হাসপাতালে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তাদের দাবি দাওয়া কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগেও গত নভেম্বর মাসেও বিভিন্ন দাবিতে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন জুলাই বিপ্লবে আহতরা।

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com