নিজস্ব প্রতিবেদক।।
বিশ্বের বিভিন্ন দেশেই বাংলাদেশের ওষুধ রফতানি হয়। এবার বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এ লক্ষ্যে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
পাজহক আফগান নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় সফররত আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি বাংলাদেশের দুটি বৃহৎ ও সুপরিচিত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম এবং তাদের উৎপাদিত ওষুধ বিশ্বের প্রায় ৫০টি দেশে রপ্তানি করা হয়।
পরিদর্শনকালে আফগান বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানে বর্তমানে সারাদেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শিল্প ও উৎপাদন কার্যক্রমে সরকার পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।
এদিকে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি বলেন, মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বাংলাদেশি ওষুধ উৎপাদকদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, সফরকালে আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানা গেছে।