একসঙ্গে স্বাস্থ্যের লাইন ডিরেক্টরসহ বড় তিন পদ বিলুপ্ত

by glmmostofa@gmail.com

নিজস্ব প্রতিবেদক।।

গঠনমূলক পরিবর্তনের অংশ হিসেবে সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের আওতায় অপারেশনাল প্ল্যান (ওপি) পরিচালনার সঙ্গে যুক্ত বড় তিন পদ লাইন ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার—একসঙ্গে বিলুপ্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব পদে কর্মরতদের দ্রুত যথাযথ পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (স্বাস্থ্য-৩) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় এ তিন পদবি বাতিল করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, বিলুপ্ত পদবি ব্যবহার থেকে অবিলম্বে বিরত থাকার পাশাপাশি বর্তমানে যারা এসব পদে কর্মরত আছেন, তাদের দ্রুত যথাযথ পদে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হলো।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে,   অধিদফতরের  লাইন ডিরেক্টররা মূলত অপারেশনাল প্ল্যানের পুরো ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতেন। তাদের অধীনে প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজাররা কাজ করতেন, যাদের দায়িত্ব ছিল মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন, বাজেট ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, রিপোর্টিং এবং প্রশাসনিক সমন্বয়। এ কর্মকর্তা ও তাদের অধীন কর্মীরা স্বাস্থ্য খাতের বিভিন্ন ওপি যেমন—মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, সংক্রামক রোগ প্রতিরোধ, ওষুধ ও টিকা সরবরাহ সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করতেন।

তবে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন কাঠামো না এলে কিছু মাঠ পর্যায়ের কার্যক্রমে সাময়িক ঝামেলা দেখা দিতে পারে। বাজেট বাস্তবায়ন, জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় প্রাথমিকভাবে প্রভাবিত হতে পারে।

এদিকে, স্বাস্থ্য অধিদফতরে নতুন করে দুই অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরীকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্য  অধিদফতরের  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে জাতীয় পুষ্টি পরিষদ এর মহাপরিচালক এবং ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই  জারি করা হয়।

 

You may also like

সম্পাদক : হামীম কেফায়েত

গ্রেটার ঢাকা পাবলিকেশন নিউমার্কেট সিটি কমপ্লেক্স ৪৪/১, রহিম স্কয়ার

নিউমার্কেট, ঢাকা ১২০৫

যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@pran24.com